টালমাটাল ক্রিকেট বোর্ড, ১৯ মাসে পেল চার সভাপতি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৪-২০২৬ ১১:২১:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-০৪-২০২৬ ১১:২১:৩৯ পূর্বাহ্ন
ফাইল ছবি
টালমাটাল দেশের ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক সময়ে অস্থিরতায় বিসিবির সভাপতি ও পরিচালক পদে একাধিকবার পরিবর্তন এসেছে। হয়েছে নির্বাচনও। আবার অনিয়মের অভিযোগে ভেঙে দেয়া হয়েছে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি। একনজরে দেখে নেয়া যাক বিসিবির সাম্প্রতিক রোলার কোস্টার টাইমলাইন।
২৪-এর টালমাটাল আগস্টের ৯ তারিখে ক্রীড়া উপদেষ্টা হিসেবে তামিম ইকবালকে সঙ্গে নিয়ে বিসিবি পরিদর্শন করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ১৯ মাসের ব্যবধানে সেই তামিম এখন ক্রিকেট বোর্ডের সভাপতি। আর বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে অভিযুক্ত আসিফ মাহমুদ।
মাঝের সময়টায় রীতিমতো ঝড় বয়ে গেছে ক্রিকেট বোর্ডে। অন্তর্বর্তী থেকে ২০২৪ সালের ২১ আগস্ট পদত্যাগ করেন বিসিবির তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপন। সেদিনই জাতীয় ক্রীড়া পরিষদের নির্ধারিত কোটা থেকে প্রথমে পরিচালক এবং পরে বোর্ড প্রধানের দায়িত্ব পান ফারুক আহমেদ।
বিভিন্ন বিতর্ক ও অভিযোগের কারণে দশ মাসের ব্যবধানে দায়িত্ব ছাড়তে হয় ফারুক আহমেদকেও। গেলো বছর ২৯ মে তার মনোনয়ন বাতিল করে এনএসসি। তার পরিবর্তে দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল।
আড়াই মাসের কম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন থেকে নির্বাচিত সভাপতি হিসেবে ফের দায়িত্ব নেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম। যদিও সেই নির্বাচন নিয়ে নানা অভিযোগ তোলেন তামিম ইকবালসহ প্রতিদ্বন্দ্বীরা।
এরপর কয়েক মাস পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকলেও জাতীয় নির্বাচনের পর চিত্র বদলাতে শুরু করে। বিএনপি সরকার গঠনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে জানুয়ারিতে পদত্যাগ করেন পরিচালক ইশতিয়াক সাদেক।
এ বছর ১১ মার্চ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করে সরকার। যার ১২ দিনের মাথায় দ্বিতীয় পরিচালক হিসেবে দায়িত্ব ছাড়েন আমজাদ হোসেন।
চলতি এপ্রিলে আসে সবচেয়ে বড় ধাক্কা। তিন দিনের ব্যবধানে সরে দাঁড়ান আরও চার পরিচালক।
৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। ৭ এপ্রিল সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেখানে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর ভেঙে দেয়া হয় আমিনুল ইসলামের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি। একই দিনে তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় ১১ সদস্যের অ্যাডহক কমিটি।
সব মিলিয়ে দুই বছরেরও কম সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেখা গেল চারজন সভাপতি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স