ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সন্ধ্যার মধ্যেই দেশের ১২ জেলায় ঝড়ের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১২:৩৫:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১২:৩৫:৪৫ অপরাহ্ন
সন্ধ্যার মধ্যেই দেশের ১২ জেলায় ঝড়ের আশঙ্কা ফাইল ছবি
চৈত্রের ‘কয়লাপোড়া’ রোদে অতিষ্ঠ জনজীবন। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৪ ডিগ্রির ঘরে। ফলে প্রচণ্ড গরমে সর্বত্রই হাঁসফাঁস প্রতিটি প্রাণ যেন এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। এই অবস্থায় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার মধ্যেই দেশের ১২ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে তীব্র গরমের মধ্যেই আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বুধবার (৮ এপ্রিল) একই সময় পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, মঙ্গল ও বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এর মধ্যে মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বুধবার তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি শুক্রবার (১০ এপ্রিল) একই সময় পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।
 
এর মধ্যে বৃহস্পতিবার দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া শুক্রবার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

অন্যদিকে আগামী শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে দেশের সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালীর হাতিয়া, সিলেট, সাতক্ষীরাসহ দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ