ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​আসিফ মাহমুদ

এখতিয়ার বহির্ভূতভাবে বিসিবির উপর তদন্ত করছে মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৩:৪০:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৩:৪০:২৮ অপরাহ্ন
এখতিয়ার বহির্ভূতভাবে বিসিবির উপর তদন্ত করছে মন্ত্রণালয় ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ ঘিরে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তবে তাদের ডাকে সাড়া দেননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনএসসি তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করে বলেছেন, এখতিয়ার বহির্ভূতভাবে বিসিবির উপর তদন্ত করছে মন্ত্রণালয়।

আসিফ মাহমুদ লেখেন, ‘প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির উপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।

তিনি আরও লেখেন, যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকারের বিষয়ে জানানো হলো। উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কিনা জানতে চেয়ে কোন সদুত্তর পাইনি।

আসিফ মাহমুদ লেখেন, কিভাবে সরকার চালাতে হয়, কিভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হবো না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।

তবে তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেছেন, ‘কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিলো, তিনি আসেননি।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ