ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে ঘিরে নাটকীয় উদ্ধার অভিযান শেষ পর্যন্ত সফল করেছে যুক্তরাষ্ট্র। দুই দিন ধরে লুকিয়ে থাকার পর তীব্র গোলাগুলির মধ্যে তাকে উদ্ধার করা হয় এবং শেষ পর্যন্ত নিরাপদে ইরানের বাইরে নিয়ে যায় মার্কিন বাহিনী। মার্কিন ওই ক্রু সদস্য বিমান ভূপাতিত হওয়ার পর দুই দিন ধরে ইরানি কর্তৃপক্ষের চোখ এড়িয়ে ছিলেন বলে জানানো হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মার্কিন বিমান বাহিনীর ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের উদ্ধার হওয়া দ্বিতীয় ক্রু সদস্য এখন নিরাপদে ইরানের বাইরে অবস্থান করছেন বলে একজন মার্কিন সরকারি কর্মকর্তা জানিয়েছেন। চলমান নাটকীয় পরিস্থিতির মধ্যেই তাকে উদ্ধার করে ইরানের বাইরে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ওই ক্রু সদস্য বিমান ভূপাতিত হওয়ার পর দুই দিন ধরে ইরানি কর্তৃপক্ষের চোখ এড়িয়ে ছিলেন এবং পরে মার্কিন বাহিনীর অভিযানে উদ্ধার হন। উদ্ধারকারী বাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তারা মার্কিন সামরিক বাহিনীর বিশেষ অভিযান পরিচালনাকারী ইউনিটের সদস্য। এই উদ্ধার অভিযান রাতের অন্ধকারে শুরু হলেও শেষ হয় নিরাপদ প্রত্যাবর্তনের মাধ্যমে। উদ্ধারকালে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। জানা গেছে, ইরানি কর্তৃপক্ষ ওই ক্রু সদস্যের অবস্থান সম্পর্কে ধারণা পেয়েছিল। তবে ক্রু সদস্যের লিঙ্গ সম্পর্কে অর্থাৎ তিনি পুরুষ নাকি নারী সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
উদ্ধার অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং এতে অংশ নেওয়া সেনাদের জীবনও হুমকির মুখে পড়েছিল। যদিও শেষ পর্যন্ত অভিযান সফল হয়, তবুও একটি পর্যায়ে ওই ক্রু সদস্য এবং উদ্ধারকারী দলের সদস্যরা ঝুঁকির মধ্যেই ছিলেন। সবশেষে মার্কিন সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ওই ক্রু সদস্য এখন ইরানের বাইরে এবং সম্পূর্ণ নিরাপদ আছেন। মার্কিন সূত্র জানায়, ইরানের ভেতরে রাতে উদ্ধার অভিযান চালানোর সময় তীব্র গোলাগুলি হয়। উদ্ধারকারী দলকে তাকে ইরান থেকে নিরাপদে বের করে আনাই ছিল প্রধান চ্যালেঞ্জ। আর তাই উদ্ধার হলেও শুরুতে তিনি নিরাপদ ছিলেন না। এর আগে গত শুক্রবার পৃথক ঘটনায় ইরান দুটি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করার দাবি করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পারস্য উপসাগরে সংঘর্ষের পর একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, বিমানটি গুলি করে নামানো হয়েছে নাকি অন্য কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন