ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১২:৩২:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০১:৪৯:১৬ অপরাহ্ন
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী সংবাদচিত্র: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের সংবাদ ও তথ্য পরিবেশন করা হচ্ছে। যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। এ জন্য সঠিক তথ্য তুলে ধরতে ফ্যাক্ট চেকিং করে সংবাদ প্রকাশ করতে হবে। অনুমান নির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না। শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রতিটা জেলায় একটি প্রেসক্লাব রাখার ব্যাপারে বর্তমান সরকার কাজ করছে। বিএনপি সরকার গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে।  গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে সেগুলো নিয়ে সরকার কাজ করছে।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাংবাদিক রাজিউর রহমান রুমী, ড. নরেশ মধু প্রমুখ।

এর আগে শুক্রবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ৮ দিনব্যাপী ‌‘পাবনা বইমেলা’র উদ্বোধন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এ ছাড়াও ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের উপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ