নোয়াখালীর সুবর্ণচরে বসতবাড়ির ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দায়ী ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।
জানা যায়, চরজব্বর ইউনিয়নের হাসানহাট এলাকার ‘বসির সেরাং’ নামে পরিচিত ব্যক্তির বাড়ির ছাদের পানির ট্যাংকিতে দীর্ঘদিন ধরে জ্বালানি তেল মজুত রাখা হয়েছিল। পানির ট্যাংকিতে পানির বদলে তেল থাকার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযানে ট্যাংকি থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জব্দ করা তেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূইয়ার হাট বাজারের লাইসেন্সপ্রাপ্ত এক ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
এ সময় অবৈধভাবে তেল মজুত করার দায়ে বসির সেরাংকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। একইসঙ্গে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ জ্বালানি মজুত ও বিক্রয় নীতিমালা লঙ্ঘন করে জনবসতিপূর্ণ এলাকায় এভাবে দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো বৈধ লাইসেন্স ছাড়াই অবৈধ বিক্রয়ের উদ্দেশ্যে এসব তেল সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন