ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডিপিডিসি

দ্রুত জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১১:৩০:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০১:১২:০৯ অপরাহ্ন
দ্রুত জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের ফোকাস বাংলা নিউজ
ডিপিডিসিতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত রাখার অভিযোগ উঠেছে। সিনিয়রিটি উপেক্ষা করে বিভিন্ন অজুহাতে পদোন্নতি আটকে রাখা হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এ অবস্থাকে অন্যায্য ও হতাশাজনক উল্লেখ করে দ্রুত সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব), ডিপিডিসি শাখা। সোমবার (৩০ মার্চ) বিকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত সংগঠনের নবগঠিত কমিটির প্রথম সভায় এসব বিষয় তুলে ধরা হয়।

বৈঠকে উপস্থিত এক প্রকৌশলী নেতা বাংলাস্কুপকে বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সৃষ্ট সমস্যাগুলো ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবতীকালীন সরকার সমাধান না করে তা আরো জটিল করে দিয়ে গেছে। এজন্য ডিপ্লোমা প্রকৌশলীসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা চরম হতাশ হয়েছেন। তিনি আরও বলেন, বর্তমান কর্তৃপক্ষ যদি আমাদের এই ন্যায্য দাবিগুলো মেনে না নেয় তাহলে আমরা সহসাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করবো। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আমার এই নায্য দাবিগুলোর ব্যাপারে জোরালো পদক্ষেপ নিবে।

ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় পেশাজীবি সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) ডিপিডিসি শাখার নব গঠিত কমিটির প্রথম সভায় সংগঠনের আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী মোঃ ওবাইদুল আলমের সঞ্চালনায় নেতৃবৃন্দ সদস্যদের পেশাগত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ মনে করেন, দীর্ঘ দিন ধরে বিভিন্ন অজুহাতে ডিপিডিসিতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের প্রমোশন বঞ্চিত রাখা হয়েছে যা অত্যন্ত অন্যায্য ও বেদনাদায়ক।

অন্যদিকে ২০১৭ সালে স্বৈরাচারী সরকারের সময়ে প্রনীত ইউনিফায়েড সার্ভিস রুলস নামক কালাকানুনের মাধ্যমে বিদ্যুৎ সেক্টরে ভাইবা পদ্ধতি প্রচলন করে প্রকৃত মেধাবী ও যোগ্যদের বঞ্চিত করে ক্ষমতাবান এবং পেশীশক্তি ওয়ালাদের পদোন্নতির পথ সুগম করেছে, যার পরিপ্রেক্ষিতে ডিপিডিসি সহ সরকারি মালিকানাধীন পাওয়ার সেক্টরের সকল প্রতিষ্টানে অস্থিরতা তৈরি হয়েছে। ডিইএব মনে করে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এবং সিনিয়রিটি অনুযায়ী পদোন্নতি দিতে হবে।

এর পাশাপাশি ২০০৮ সালে ডেসা বিলুপ্ত করে ডিপিডিসি গঠনের সময় বিএনপি জামায়াত ট্যাগ লাগিয়ে তৎকালীন মাষ্টাররোলে কর্মরত ৪১ জন উপ-সহকারী প্রকৌশলী সহ ১৩৪৩ জন কর্মকর্তা ও কর্মচারীকে চাকুরীতে নিয়মিত করন করেনি, তদুপরি সার্ভিস রুলসে পরিষ্কার নির্দেশনা থাকা সত্বেও ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত ইনক্রিমেন্ট গুলো দেয়নি।  ডিইএব নেতৃবৃন্দ এই বঞ্চনার প্রতিকার  চায় এবং বিগত সরকারের আমলে উন্নয়ন প্রকল্পের নামে সংস্থার হাজার হাজার কোটি টাকা অপচয় ও লোপাটকারী দূর্নীতিবাজ কর্মব্যাক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কতৃপক্ষকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী এস এম কালাম হোসেন, সদস্য সাংগঠনিক প্রকৌশলী জনাব মজিবুর রহমান, যুগ্ম-আহবায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান টুটুল, বিএম সাইফুল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুল কাদের, যুগ্ম সদস্য সচিব হোসাইন রেজা, সদস্য (প্রচার) প্রকৌশলী মঞ্জুর হোসেন, সদস্য (অর্থ) প্রকৌশলী আজম বিশ্বাস, সদস্য (দপ্তর) প্রকৌশলী ইয়ামিন সর্দার সহ কমিটির সকল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক /এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ