ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​হঠাৎ চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:১৮:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৮:১৮:১৪ অপরাহ্ন
​হঠাৎ চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ​ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমের খবর, রোববার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। সেখানেই তালসারিতে পানিতে নেমে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। পরে দিঘা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ধারাবাহিকটিতে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ধারাবাহিকের সকলে দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। জলে ডুবে মৃত্যু হয়েছে। তবে ঠিক কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।

ভাস্কর আরও জানান, তাঁরা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। “কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এ ভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না।”

রাহুল অরুণোদয়ের জন্ম ১৯৮৩ সালের ১৬ অক্টোবর; যিনি রাহুল ব্যানার্জী নামে অধিক পরিচিত। তিন বছর বয়সে বাবার (বিশ্বনাথ ব্যানার্জী) নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশের 'রাজ দর্শন' নামক নাটকের মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ করেছিলেন রাহুল। এরপর বাবার নাট্যদল এবং থিয়েট্রনের সাথে প্রায় ৪৫০টি মঞ্চ নাটকে অভিনয় করেন। রাজ চক্রবর্তী পরিচালিত 'চিরদিন তুমি যে আমার’ ছবিতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি তারকাখ্যাতি লাভ করেন। ছবিটি বক্স-অফিসে ব্যাপক সাফল্য লাভ করে।

পরবর্তীকালে তিনি 'লাভ সার্কাস' , 'শোন মন বলি তোমায়' এবং 'পটি পরমেশ্বর' সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। 'তুমি আসবে বলে' ধারাবাহিকটির মাধ্যমে টেলিভিশনে তাঁর অভিষেক হয়। 'চিরদিনী তুমি যে আমার' ধারাবাহিকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আনন্দলোক পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছেন রাহুল।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ