মেয়ের বিরল রোগ নিয়ে প্রকাশ্যে কথা বললেন বরুণ ধাওয়ান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৯-০৩-২০২৬ ০৩:৪৯:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৩-২০২৬ ০৩:৪৯:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান তার দেড় বছর বয়সী মেয়ে লারার শারীরিক জটিলতা নিয়ে মুখ খুলেছেন।
পডকাস্ট ‘বি আ ম্যান, ইয়ার’-এর এক পর্বে তিনি জানান, তার মেয়ে ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’ (ডিডিএইচ) নামক একটি বিরল রোগে আক্রান্ত, যার কারণে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না।
২০২৪ সালের ৩ জুন জন্মগ্রহণ করা লারার এই সমস্যার কথা জানিয়ে বরুণ বলেন, ‘ডিডিএইচ এমন একটি অবস্থা, যেখানে শিশুর হিপ জয়েন্ট বা নিতম্বের অস্থিসন্ধি তার সঠিক জায়গা থেকে সরে যায় বা ঠিকমতো বসে না। এতে এক পা অন্য পায়ের চেয়ে ছোট-বড় হতে পারে এবং শিশুর হাঁটার ভঙ্গি বেঁকে যায়।’
বরুণ জানান, সঠিক সময়ে চিকিৎসা না করালে ভবিষ্যতে আর্থরাইটিস ও স্লিপ ডিস্কের মতো গুরুতর সমস্যা হতে পারে। তবে আনন্দের বিষয় হলো, লারার জন্য কোনো অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি। বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তার হিপ ঠিক জায়গায় বসানো হয়েছে। তবে দীর্ঘ সময় তাকে ‘স্পাইকা কাস্ট’ বা বিশেষ প্লাস্টারের মধ্যে থাকতে হয়েছে। আড়াই মাস ধরে তার পুরো শরীর প্লাস্টারে ঢাকা ছিল, সেই সময়টি পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল।
ভারতের সাধারণ মানুষের মধ্যে এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বরুণ। তিনি বলেন, ‘সহানুভূতি পাওয়ার জন্য আমি এটি বলছি না, বরং ভারতে এ রোগের সঠিক চিকিৎসা ও সচেতনতা সম্পর্কে সবাইকে জানাতে চাই।’
তিনি অভিভাবকদের অনুরোধ করেন, যেন শিশুদের শারীরিক সমস্যার ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা না করা হয়।
বরুণ জানান, লারা এখন ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। নিজের কঠিন লড়াই ও অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে একটি বই লেখার ইচ্ছাও প্রকাশ করেছেন এ অভিনেতা।
কর্মজীবনে বরুণ ধাওয়ান বর্তমানে সাফল্যের শীর্ষে রয়েছেন। তাকে শেষবার অনুরাগ সিং পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘বর্ডার ২’-এ দেখা গেছে, যেখানে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। ছবিটি বর্তমানে নেটফ্লিক্সেও বেশ সাড়া ফেলেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স