ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কথা রাখলেন প্রধানমন্ত্রী, সন্ধ্যায় হাজির হলেন নয়াপল্টনে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৮:৩৯:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৮:৩৯:১০ অপরাহ্ন
​কথা রাখলেন প্রধানমন্ত্রী, সন্ধ্যায় হাজির হলেন নয়াপল্টনে ​ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়াপল্টনে যান তিনি।

এর আগে, বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত ওই বৈঠকে সরকারের চলমান কার্যক্রম ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠান শেষে নিজেই শনিবার নয়াপল্টন কার্যালয়ে আসার কথা জানিয়েছিলে প্রধানমন্ত্রী। ওই দিন স্বাধীনতা দিবসের আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন নেতাকর্মীরা পুরো মিলনায়তন স্লোগানে স্লোগানে সরগরম করে তুলেন। ওই সময় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলতে থাকেন, ‘আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।’ অবশেষে ব্যস্ততার মধ্যেও সময় বের করে শনিবার সন্ধ্যার পর নয়াপল্টন কার্যালয়ে এসে নিজের কথা রাখলেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ইতোমধ্যে নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ কানায় কানায় পূর্ণ হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ