আন্তর্জাতিক বাজারে হিলিয়াম গ্যাসের সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পেলেও বাংলাদেশে বর্তমানে এর কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফলে দেশের হাসপাতালগুলোতে এমআরআই (MRI) স্ক্যানসহ অন্যান্য জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিকস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে হিলিয়াম গ্যাসের সরবরাহ প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। এর ফলে বৈশ্বিকভাবে সেমিকন্ডাক্টর শিল্প এবং চিকিৎসা খাতের অতিপ্রয়োজনীয় এমআরআই মেশিন পরিচালনা ঝুঁকির মুখে পড়েছে।
এই বৈশ্বিক সংকটের প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধের প্রভাবে যাতে দেশের বিদ্যুৎ ও স্বাস্থ্যখাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে লক্ষ্যে আমরা নিরলস কাজ করছি। প্রয়োজনীয় সব ধরনের আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই হিলিয়াম গ্যাস নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় গ্যাসের মজুত তদারকি করা হচ্ছে যাতে সাধারণ রোগীদের সেবা পেতে কোনো বেগ পেতে না হয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে