ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, জীবিত ১১টি ও জবাইকৃত ৯টি উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৫:৪০:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৫:৪০:৩১ অপরাহ্ন
​ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, জীবিত ১১টি ও জবাইকৃত ৯টি উদ্ধার ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হাড়ারবাড়ী এলাকার একটি প্লট থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশিদ জানান, পূর্বাচল ১০নং সেক্টর হারারবাড়ি এলাকার একটি প্লটে একদল অসাধু ব্যবসায়ী ২০টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসেন। পরবর্তীতে তারা ৯টি ঘোড়া জবাই করেন। 

শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশের হটলাইন ৯৯৯-তে ফোন দেন। পরে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের পুলিশ সদস্য ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো রেখে পালিয়ে যান। এ সময় ১১টি জীবিত এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেয়ালঘেরা বাড়িতে অভিযান শুরু করলে অপরাধীরা দেয়াল টপকে পালিয়ে যায়। পরে জবাই করা ৯টি ও এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঘোড়ার মধ্যে একটি সকালে বাচ্চা প্রসব করেছে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশিদ আরও জানান, পূর্বাচল উপশহরের নির্জন স্থানে রাতের আঁধারে অসাধু ব্যবসায়ীরা ঘোড়া এনে জবাই করে কম দামে গরুর মাংস বলে উপজেলার বিভিন্ন মাংসের দোকানে বিক্রি করেন। আর ওই মাংস গরুর মাংস হিসেবে মানুষ ক্রয় করে নিয়ে খাচ্ছেন। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ