ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৫:৩২:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৫:৩২:০৭ অপরাহ্ন
​খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা ছবি : সংগৃহীত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীতি দত্ত চাকমা (৪৫) ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা এবং বর্ণনাতীত চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। 

এ সময় অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই নীতি দত্ত চাকমার মৃত্যু হয়।

পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এ হত্যাকাণ্ডের জন্য প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। এ বিষয়ে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ