ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কক্সবাজারে ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০১:১৮:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০১:১৮:৫২ অপরাহ্ন
​কক্সবাজারে ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা নিহত ছবি : সংগৃহীত
কক্সবাজার শহরে ছুরিকাঘাতে জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন, তিনি স্থানীয়ভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবেও পরিচিত ছিলেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের কবিতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন।

নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলোর ঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে।

তিনি শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কোনো পদ-পদবী না থাকলে খোরশেদ সংগঠনের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন শহর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে খোরশেদ আলম কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে কয়েকজন তাকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরে তার বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় খোরশেদ আলমের সঙ্গে থাকা তারিন নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশের হেফাজতে নেওয়ার আগে তারিন সাংবাদিকদের বলেন, “কবিতা চত্বর সৈকত এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে খোরশেদের কাছে মূল্যবান জিনিসপত্র দাবি করে। এক পর্যায়ে ‘আরিফ’ নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ তুলে তাকে ছুরিকাঘাত করা হয়।”

ওসি ছমিউদ্দিন বলেন, “নিহতের সঙ্গে থাকা এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।”

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ