ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​তেল সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে বড় বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০১:১২:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০১:১২:২৩ অপরাহ্ন
​তেল সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে বড় বিস্ফোরণ ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) টেক্সাস উপকূলের কাছে ‘পোর্ট আর্থারের ভ্যালেরো’ তেল শোধনাগারে বিস্ফোরণটি হয়। এ ঘটনার পর আশপাশের বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে। 

মেয়র শার্লট এম মোজেস জানিয়েছেন, হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) পূর্বে পোর্ট আর্থারের ভ্যালেরো শোধনাগারটি অবস্থিত।

এই বিস্ফোরণে কেউ আহত হননি। তিনি শহরের পশ্চিম দিকের কিছু অংশের বাসিন্দাদের নিজ নিজ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলেও জানান।  

তিনি আরো বলেন, ‘আমরা সবাই সুস্থ আছি এবং যত দ্রুত সম্ভব আগুন নেভানোর চেষ্টা চলছে।’ 

ইরান যুদ্ধে বিশ্বব্যাপী তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তার ফলে গ্যাসের দাম বৃদ্ধির মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।  

ভ্যালেরোর ওয়েবসাইট অনুসারে, এই শোধনাগারে প্রায় ৭৭০ জন কর্মী রয়েছেন এবং  প্রতিদিন প্রায় চার লাখ ৩৫ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করতে পারে। এই প্লান্টটি হেভি সাওয়ার ক্রুড অয়েল পরিশোধন করে গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েল তৈরি করে। 

অনলাইনে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, তেল শোধনাগার থেকে ধোঁয়া ও আগুনের বিশাল কুণ্ডলী উঠছে। বাসিন্দারা বিস্ফোরণের বিকট শব্দ এবং তাদের ঘরের জানালা কেঁপে ওঠার কথা জানান।

পোর্ট আর্থার সিটি তাদের ফেসবুক পেজে একটি পোস্টে বলেছে, ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে জরুরি কর্মীরা বিপদমুক্ত সংকেত না দেওয়া পর্যন্ত অনুগ্রহ করে নিজ নিজ স্থানে থাকুন।’

টেক্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি ক্রিশ্চিয়ান ম্যানুয়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেছেন, টেক্সাস কমিশন অন এনভায়রনমেন্টাল কোয়ালিটি বায়ু পর্যবেক্ষণ সরঞ্জাম নিয়ে শোধনাগারে পৌঁছেছে এবং স্থানীয় ও রাজ্য পর্যায়ের কর্মীদের সঙ্গে কাজ করছে।

সূত্র : এপি

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ