ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বিয়ের অনুষ্ঠানে বর উপহার পেলো জ্বালানি তেল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১০:০৯:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১০:০৯:৩৪ অপরাহ্ন
​বিয়ের অনুষ্ঠানে বর উপহার পেলো জ্বালানি তেল ছবি : সংগৃহীত
সম্প্রতি দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না তেল। দৈনিক একটি পাম্পে সীমিত পরিমাণে পাওয়া গেলেও সড়কজুড়ে লম্বা লাইন।ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের। এমন বাস্তবতায় ঠাকুরগাঁওয়ের এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ভিন্নধর্মী এক চিত্র।

সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুরে এক বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন। যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে হাস্যরস ও কৌতূহল।

অনেকেই এটিকে সময়োপযোগী ও বাস্তবধর্মী উপহার হিসেবে উল্লেখ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত হাসান রায়হান নামে এক অতিথি বলেন, এখনকার সময়ে জ্বালানি তেলই সবচেয়ে দামি ও প্রয়োজনীয় জিনিস। তাই এমন উপহার সত্যিই ব্যতিক্রমী।

জামাল নামে আরেকজন বলেন, এটা যেমন মজার, তেমনি বর্তমান পরিস্থিতির একটি প্রতিফলনও বটে।

এই ঘটনা শুধু হাসির খোরাক নয়, বরং চলমান জ্বালানি সংকটের চিত্রও তুলে ধরে। যেখানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি এখন মানুষের কাছে প্রায় ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে।

অকটেন উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, পেট্রোল-অকটেন পেতে ভোগান্তি চরমে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল মিলছে না। মানুষ দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না।

এমন সময়ে বর-কনে যাতে স্বস্তি আর স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন সেজন্য অকটেন উপহার দেওয়া হয়েছে। এটি সংকটের প্রতীকও বটে।

বর রাতুল হাসান সাফি বলেন, বিয়েতে এটি খুবই ব্যতিক্রমী উপহার। অকটেন হলেও এটি সংকটময় মুহূর্তে কাজে লাগবে। যারা দিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

জ্বালানি তেলের এমন সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়বে পরিবহন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এই বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। ব্যতিক্রমী এই উপহার যেমন আনন্দের খোরাক জুগিয়েছে, তেমনি বর্তমান বাস্তবতার একটি স্পষ্ট বার্তাও পৌঁছে দিয়েছে সবার মাঝে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ