পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৩-২০২৬ ১১:৪১:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-০৩-২০২৬ ১১:৪১:১৯ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ঘরমুখো মানুষের এই স্রোতে দেশের দুই বৃহত্তম যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতু ও বঙ্গবন্ধু যমুনা সেতুতে যানবাহন পারাপার এবং টোল আদায়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু দিয়ে ঈদুল ফিতর উপলক্ষে এ বছরের যাতায়াতের প্রথম তিন দিনে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি।
যানবাহনের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে টোল আদায়ের পরিমাণও। ২০২৬ সালের প্রথম তিন দিনে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।
একইভাবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতেও যানবাহন চলাচলের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন সেতুটি পার হয়েছে, যা ২০২৫ সালে ছিল ৪৮ হাজার ৩৬৮টি।
টোল আদায়ের ক্ষেত্রেও যমুনা সেতু নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৬ সালে একদিনে সর্বোচ্চ ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা টোল আদায় করা হয়েছে, যেখানে গত বছর সর্বোচ্চ আদায়ের পরিমাণ ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের তুলনায় যানবাহনের চাপ অনেক বেশি থাকলেও এ বছর এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজটের ঘটনা ঘটেনি।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের যাতায়াত ব্যবস্থাকে সহজ ও আধুনিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী আসন্ন ঈদযাত্রাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স