চাহিদামতো তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে তাণ্ডব, অভিযুক্ত আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৩-২০২৬ ০২:৪৩:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৩-২০২৬ ০৪:৩৫:০৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কক্সবাজারের রামুতে চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের কর্মচারীকে মারধর ও লাইসেন্স করা অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে বি কে আজম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় ‘বি কে আজম ব্রিকফিল্ড’ নামের একটি ইটভাটার মালিক।
বুধবার (১৮ মার্চ) গভীর রাতে রামুর একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত লাইসেন্স করা শটগানটিও জব্দ করে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের মরিচ্যা বিজিবি ক্যাম্প সংলগ্ন ‘এশিয়া পেট্রলপাম্পে’ এই ঘটনা ঘটে।
জ্বালানি সংকটের কারণে স্থানীয় উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সেখানে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছিল। নিয়ম অনুযায়ী একটি প্রাইভেট কার ১ হাজার টাকার বেশি জ্বালানি নিতে পারছিল না।
পাম্প কর্তৃপক্ষ জানায়, বি কে আজম একটি প্রাইভেট কার নিয়ে এসে নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত কয়েক হাজার টাকার তেল দাবি করেন। স্টেশনের কর্মচারী জ্বালানি সংকটের কথা বলে নির্দিষ্ট পরিমাণ তেল নিতে অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন আজম।
এক পর্যায়ে তিনি গাড়ি থেকে নিজের লাইসেন্স করা শটগান বের করে কর্মচারীদের গুলি করতে উদ্যত হন এবং তাণ্ডব চালান। পুরো ঘটনাটি পাম্পের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
এশিয়া পেট্রলপাম্পের ব্যবস্থাপক নুরুল হক বলেন, ইউএনও স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা রেশনিং করছিলাম। কিন্তু তিনি জোর করে বেশি তেল নিতে চান। আমরা রাজি না হওয়ায় তিনি আমাদের কর্মচারীকে মারধর করেন এবং এক পর্যায়ে শটগান নিয়ে তেড়ে আসেন। এ ঘটনায় আমরা রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ভিডিওটি নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে অভিযুক্ত ইটভাটা মালিককে আটক করা হয়েছে। তার অস্ত্রটিও জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স