ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০২:২৭:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০২:২৭:৫২ অপরাহ্ন
যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা সংবাদচিত্র: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সে হিসাবে আজ বিকেল থেকেই অনেকে বাড়ি ফিরতে শুরু করবেন। সরকারি ছুটি সাতদিনের হলেও পোশাক কারখানায় এ ছুটি ৭-১০ দিনের মতো হচ্ছে। তবে ঈদে যানজট ও ভোগান্তি এড়াতে ধাপে ধাপে গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া হবে। পুলিশ ও পোশাক কারখানার মালিকগণের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল থেকে অনেক পোশাক কারখানা ছুটি হয়ে যাবে। ধারাবাহিকভাবে ছুটি ১৯ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। এতে পোশাক কারখানা শ্রমিকরা টানা চার দিন ধরে ধাপে ধাপে গন্তব্যে যেতে পারবেন। এতে পোশাক শ্রমিকদের গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি এবং যানজট এড়ানো সম্ভব হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। তবে এরইমধ্যে অনেকে তাদের পরিবার পরিজন গ্রামে পাঠানো শুরু করে দিয়েছেন। জানা গেছে, আজ বিকেলে বেশ কিছু পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হবে। আর সন্ধ্যার পর থেকেই ছুটি পাওয়া পোশাক শ্রমিকরা ঈদ উদযাপন করতে তাদের গ্রামের বাড়ির দিকে রওনা হবেন। তবে ঈদযাত্রা পুরোপুরি শুরু হবে বুধবার দুপুর থেকেই।

এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, পোশাক শ্রমিকদের ঈদ উদযাপনে গ্রামের বাড়িতে যেতে যেন কোনো প্রকার ভোগান্তি না হয় এবং যানজটের কবলে পড়তে না হয় সেজন্য গাজীপুরের সকল পোশাক কারখানাগুলো একযোগে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই হিসাবে সোমবার বিকেল থেকেই পোশাক শ্রমিকরা ঈদ উদযাপন করতে নিজ নিজ গ্রামের বাড়ি যাওয়া শুরু করবেন বলে আশা করছি। যেকোনো প্রকার ভোগান্তি ও যানজটমুক্ত পরিবেশে এবার ঈদে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারবেন। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ