পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই বড় এক সুখবর পেল বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে লাল-সবুজের দল। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে দশ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১৫ মার্চ) সিরিজের অঘোষিত ফাইনালে পাকিস্তানকে ১১ রানে হারায় টাইগাররা। এই জয়ের ফলে রেটিং পয়েন্টেও বড় লাফ দিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬, যা সিরিজ জয়ের পর বেড়ে দাঁড়িয়েছে ৭৯-তে। অন্যদিকে, ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা। এই সিরিজ হারলেও ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান র্যাঙ্কিংয়ের চার নম্বর অবস্থানটি ধরে রেখেছে।
র্যাঙ্কিংয়ের এই উন্নতি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের লড়াইয়ে বাংলাদেশকে অনেকটা এগিয়ে দিল। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে (আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া) থাকতে পারলে মিলবে সরাসরি বিশ্বকাপের টিকিট। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও রেটিং পয়েন্টের মারপ্যাঁচে দশ নম্বরেই আটকে ছিল বাংলাদেশ, তবে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে এবার সেই খরা কাটাল মিরাজ বাহিনী।
উল্লেখ্য, তিন ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ১২৮ রানে হেরে সিরিজে সমতা ফেরে। তবে শেষ ম্যাচে ব্যাটিং-বোলিংয়ের দারুণ নৈপুণ্যে শাহিন শাহ আফ্রিদির দলকে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। বিশ্বকাপের সমীকরণে সামনে প্রতিটি সিরিজই এখন বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন