কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলায় ক্ষতি হয়েছে। তিনটি ড্রোন বিমানবন্দরটিতে আঘাত হানে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪টি শত্রু ড্রোন কুয়েতের আকাশসীমায় প্রবেশ করলেও এর মধ্যে আটটি ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলজুড়ে ইরানের হামলায় এখন পর্যন্ত ছয়জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। তাদের তথ্য অনুযায়ী, এসব হামলায় ইরান ২৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬০৬টি ড্রোন ব্যবহার করেছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের ১৬তম দিনে এসব হামলার ঘটনা ঘটল।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৫২তম ও ৫৩তম ধাপের অভিযান চালানোর কথা জানায়। পরে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, এসব হামলায় ইসরায়েল এবং ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন