ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬ , ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​জ্বালানি তেল বিক্রির সীমা তুলে নিল সরকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৩:২১:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৩:২১:২৭ অপরাহ্ন
​জ্বালানি তেল বিক্রির সীমা তুলে নিল সরকার ​ছবি: সংগৃহীত
ঈদযাত্রায় মানুষের ভোগান্তি ঠেকাতে ও বোরো মৌসুমে কৃষকদের ডিজেলের চাহিদা বিবেচনায় জ্বালানি তেল বিক্রির সীমা তুলে নিয়েছে সরকার।

রোববার (১৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

তিনি বলেন, আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না। সবাই চাহিদামতো তেল কিনতে পারবেন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমায় দেশেও সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। আতঙ্কে স্বাভাবিক চাহিদার চেয়ে দ্বিগুণ হারে জ্বালানি তেল কেনা শুরু হয়। এটি ঠেকাতে তেল কেনায় সীমা বেঁধে দেওয়া হয়। ফিলিং স্টেশনে সরবরাহ কমানো হয়। সেখানে দীর্ঘ লাইন কমছে না। এমন প্রেক্ষিতে  জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।

প্রতিমন্ত্রী বলেন বলেন, বর্তমানে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতোমধ্যে কয়েকটি আমদানি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ মার্চ থেকে সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথাও যদি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে গাফিলতি বা দায়িত্বহীনতা দেখা যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অতীতে বিতরণ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ এবং ভোক্তা পর্যায়েও দায়িত্বশীলতার ঘাটতি ছিল, যার ফলে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি এড়াতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন অসাধু উপায়ে জ্বালানি তেল মজুদ করে বাড়তি লাভের চেষ্টা না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববাজারে বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো তা বাড়ানো হয়নি। জনগণের কষ্টের কথা বিবেচনায় রেখে সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি যতদিন পর্যন্ত এই চাপ বহন করতে পারবে, ততদিন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। 

এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অধিদপ্তর এবং জেলা প্রশাসন সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ