ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মোজতবা খামেনি বেঁচে থাকলেও আশঙ্কাজনক অবস্থায় আছেন : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৬:৪৫:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৬:৪৫:৫৭ অপরাহ্ন
​মোজতবা খামেনি বেঁচে থাকলেও আশঙ্কাজনক অবস্থায় আছেন : ট্রাম্প ​ছবি: সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, তিনি সম্ভবত আহত হয়েছেন। ফক্স নিউজের ‘দ্য ব্রায়ান কিলমিড শো’তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তিনি সম্ভবত (জীবিত) আছেন। আমার ধারণা, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন।’

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবাকে ‘রণাঙ্গনে আহত’ হিসেবে বর্ণনা করেছিল। বুধবার (১১ মার্চ) এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনই মোজতবার বাবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। গত রোববার ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেমব্লি অব এক্সপার্টস) মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর থেকে ইরানিরা তাকে আর প্রকাশ্যে দেখেননি। বৃহস্পতিবার (১২ মার্চ) এক টেলিভিশন উপস্থাপক তার দেওয়া প্রথম বক্তব্যটি পড়ে শোনান।

মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় সেসব ঘাঁটিতে ইরান হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং যেসব উপসাগরীয় দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।

যুদ্ধ দুই সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বিশ্ব আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতারা লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ