ঢাকা , রবিবার, ০৮ মার্চ ২০২৬ , ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি মন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৩:১৫:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৪৩:৫০ অপরাহ্ন
আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি মন্ত্রী ফাইল ছবি
আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। রোববার (৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

জ্বালানি মন্ত্রী বলেন, সকাল ১১টায় একটা তেলভর্তি জাহাজ এসেছে পৌঁছেছে। এছাড়া আজ আরও একটা জাহাজ আসবে। এদিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এলএনজি ও এলপিজির ৮টি জাহাজ। পাশাপাশি তেলের জাহাজও আসছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করা জ্বালানিবাহী ৮ জাহাজ ইতোমধ্যে বন্দরে এসে পৌঁছেছে। রোববার সকালে জ্বালানিবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

প্রসঙ্গত, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকার দেশবাসীকে আশ্বস্ত করে বলছে, জ্বালানির কোনো সংকট নেই। তবুও জনমনে শঙ্কা কাটছে না। এর মধ্যে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করা জ্বালানিবাহী ৮টি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এদিকে, দেশে চলমান জ্বালানি তেলের কৃত্রিম সংকট সামাল দিতে পরিবেশকদের রেশনিং করে তেল দেয়া হচ্ছে। বিপণন কোম্পানিগুলো বলছে, জ্বালানির কোনো সংকট নেই।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ