ইরানের বিরুদ্ধে কোনও ধরনের স্থল অভিযান চালানোকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির পরবর্তী নেতৃত্ব কে দেবেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি বড় ভূমিকা থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে ইরানের আশঙ্কার বিষয়ে ট্রাম্প বলেন, ‘এটি সময়ের অপচয়। তারা ইতোমধ্যে সব হারিয়েছে। তাদের নৌবাহিনী ধ্বংস হয়েছে; যা কিছু হারানো সম্ভব, তার সবই তারা হারিয়েছে।’ তবে ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে ট্রাম্প ওই সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সেখানে গিয়ে সবকিছু নির্মূল করে দিতে চাই।’ এক ফোনালাপে তিনি আরও বলেন, ‘আমরা এমন কাউকে চাই না, যে আগামী ১০ বছর ধরে আবার সবকিছু পুনর্গঠন করবে।’
ইরানের পরবর্তী শাসক হিসেবে যুক্তরাষ্ট্রের পছন্দের তালিকায় কারা আছেন, সে বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট কোনও নাম উল্লেখ করেননি। তবে তিনি জানান, ‘আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের নজরে এমন কিছু মানুষ আছেন যারা এই কাজটি খুব ভালোভাবে করতে পারবেন বলে আমি মনে করি।’ ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে, ওই পছন্দের ব্যক্তিদের যেন যুদ্ধে প্রাণ হারাতে না হয়, সে বিষয়েও প্রচেষ্টা চালানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের ওপর নজর রাখছি।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন