সরকার পরিবর্তনের চেষ্টা করলে ইসরাইলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। বুধবার (৪ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্ট’স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সংস্থাটির বরাতে এক জ্যেষ্ঠ ইরানি সামরিক কর্মকর্তা বলেন, ইরানের সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে কোনো বিদেশি হস্তক্ষেপ বা ষড়যন্ত্র হলে তেহরান কঠোর ও দৃঢ় জবাব দেবে।
তিনি বিশেষ করে ইসরাইলের ডিমোনা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উল্লেখ করে বলেন, যুদ্ধ চাপিয়ে দিলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক ব্যবস্থা রক্ষায় ইরান প্রয়োজন হলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত। কর্মকর্তারা বলেন, এমন প্রতিক্রিয়ার উদ্দেশ্য হবে বিদেশি শক্তিগুলোকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা। ওই কর্মকর্তা বলেন, ‘এটি স্পষ্ট সতর্কবার্তা— সরকার পরিবর্তনের যে কোনো চেষ্টা শক্ত ও পরিকল্পিত প্রতিশোধের মুখে পড়বে।’
এদিকে রাতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আরও জোরদার হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তেহরানে সামরিক অবকাঠামো ও নিরাপত্তা কমান্ড সেন্টারসহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া কেরামানশাহ শহরেও হামলার খবর পাওয়া গেছে। পাশাপাশি তাবরিজ ও ইয়াজদ শহরের আবাসিক এলাকায় বোমা পড়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পাঁচ দিনের এই হামলায় নিহত ও আহতের সংখ্যা ১,০৪৫ জন ছাড়িয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন