সিরাজগঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০৩-২০২৬ ০৭:১৩:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৩-২০২৬ ০৭:১৩:৫৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি ঘাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়ায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান বলে জানান রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।
নিহতরা হলেন- উপজেলার ঘোয়ালপাড়ার মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) এবং একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।
এই পুকুরকে কেন্দ্র করে ২০০৭ সালে ফজলার রহমান নামে একজন নিহত হয়েছিলেন।
পুলিশ জানায়, গোয়ালপাড়ায় পাঁচ বিঘা সরকারি খাসপুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুবক্কার সিদ্দিকের মধ্যে ১৫-১৬ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে। আছমত আলী স্থানীয় মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন।
২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পরিবর্তের পর বিএনপি নেতা আবুবক্কার সিদ্দিক পুকুরটি তিন বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করেন। সকালে আবুবক্কার সিদ্দিক লোকজন নিয়ে পুকুরে জাল ফেললে আছমত আলী তাতে বাধা দেন।
এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ধারালো অস্ত্র, হাসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে তারা একে অপরের উপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবুবক্কার সিদ্দিকের পক্ষের সাতজন গুরুতর আহত হন।
আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে বগুড়ায় ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জে আব্দুস সালামের মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স