সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে’।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। তবে তার আগে সংবিধানে নেই, এমন কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংবিধানে নেই, এমন কিছু আমরা সংসদে উত্থাপন করতে পারি না।’
এর আগে, ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে’ সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির স্বাক্ষরিত ওই চিঠিতে একজন সংসদ সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচন করে তার মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার অনুরোধ জানানো হয়। বিকল্পভাবে, প্রধানমন্ত্রীর সুবিধামতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয় ওই চিঠিতে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি