ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খোঁজ মিলছে না জাহের আলভীর, ধোঁয়াশায় পুলিশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০২:২৩:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০২:২৩:৩৪ অপরাহ্ন
খোঁজ মিলছে না জাহের আলভীর, ধোঁয়াশায় পুলিশ ফাইল ছবি
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা-র আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভীর অবস্থান নিয়ে তৈরি হয়েছে রহস্য। রবিবার রাতে দেশে ফিরেছেন-এমন গুঞ্জন ছড়ালেও এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। পুলিশও নিশ্চিত করতে পারছে না তিনি বর্তমানে কোথায় রয়েছেন।

আলভী ও ইকরার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, রবিবার বিকেলে নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান জাহের আলভী। বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর একজনের সহায়তায় তিনি সেখান থেকে বের হয়ে যান বলে জানা গেছে। তবে তাঁর ফোন, ফেসবুকসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। রবিবার দুপুরে আলভী জানিয়েছিলেন, তিনি শুটিং শেষে নেপাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকায় ফিরবেন এবং ফিরে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। কিন্তু দেশে ফিরে থাকলেও এ পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেননি। সন্ধ্যার পর থেকেই তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে; ব্যক্তিগত ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠদের কেউ কেউ মনে করছেন, এভাবে গা ঢাকা দিলে তাঁর পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাঁদের মতে, ইকরার মৃত্যুর আগে কী ঘটেছিল—সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া জরুরি। ইকরার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী জাহের আলভী এবং শাশুড়ি নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে। মামলার বাদী ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।  তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এজাহারের কপি ইতোমধ্যে অভিবাসন পুলিশের কাছেও পাঠানো হয়েছে, যাতে তিনি দেশে ফিরলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সোমবার সকালে ওসি আলমগীর জাহান বলেন, এখন পর্যন্ত আলভীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ