নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে র্যাংক ব্যাজ পরানো হয়।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দে সরকার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত হন তিনি। পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে।
এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। পরে সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির