ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১১:১২:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১২:০৩:৩০ অপরাহ্ন
​চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি ফাইল ছবি
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ তাজুল ইসলাম। প্রায় দেড় বছর ধরে এ পদে থাকলেও তাকে সরিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এতে আইনাঙ্গনসহ বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

এরই মধ্যে সম্ভাব্য নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আলোচনায় এসেছে আইনজীবী আমিনুল ইসলাম-এর নাম। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া-র দুর্নীতির মামলায় গঠিত আইনজীবী দলের সদস্য ছিলেন। যে মামলায় দণ্ডিত হয়েছিলেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই চিফ প্রসিকিউটরসহ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে পরিবর্তন বা রদবদল হতে পারে—এমন আলোচনা শুরু হয়। তবে রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান-এর একটি ফেসবুক পোস্টকে ঘিরে বিষয়টি আরও জোরালো হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই সাংবাদিক তার পোস্টে লেখেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে এ পদে আইনজীবী আমিনুল ইসলামকে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। এরই মধ্যে তাজুল ইসলামকে প্রতিস্থাপনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।’ জুলাই গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের। এরপর নতুন করে ঢেলে সাজানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই বছরের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ। রায় ঘোষণা হয়েছে তিনটির। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের প্রধানরাও রয়েছেন। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলা। এরই মধ্যে আগামী ৪ মার্চ ঘোষণা হবে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়। এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের মামলারও বিচার চলছে ট্রাইব্যুনালে। বিচারের মুখোমুখি হয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানও। আওয়ামী লীগের হেভিওয়েট বহু এমপি-মন্ত্রীও এখন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ