ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিদ্যুতে দুর্নীতি: শতাধিক কর্মকর্তা-কর্মচারিকে খুঁজছে দুদক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০২-২০২৬ ০১:২৩:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৪:১৯:৫৩ অপরাহ্ন
​বিদ্যুতে দুর্নীতি: শতাধিক কর্মকর্তা-কর্মচারিকে খুঁজছে দুদক নসরুল হামিদ বিপু, আহমেদ কায়কাউস, খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন, বিকাশ দেওয়ান, ফজিলাতুন্নেসা ও কাওসার আমীর আলী। ফাইল ছবি
উন্নয়নের কথা বলে বিদ্যুৎ বিভাগে লাখো কোটি টাকা ব্যয় করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। পাঁচ আগষ্ট পরবর্তি সময়ে এই খাতে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছে সে সময়ের মন্ত্রী-সচিব থেকে শুরু করে লাইনম্যানের নামও। সংশ্লিষ্টতা পেয়ে এরইমধ্যে দুই ডজনের বেশি কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে আরো শতাধিক কর্মকর্তা-কর্মচারিকে খুঁজছে সংস্থাটি। 

জানা গেছে, সংশ্লিষ্টতা পেয়ে এরই মধ্যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ অনেকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আহমেদ কায়কাউস, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, জিটুজি প্রকল্পের প্রকল্প পরিচালক ফজিলাতুন্নেসাসহ ওই প্রকল্পের বেশ কয়েকজন প্রকৌশলীর বিরুদ্ধে। এছাড়া ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (ডেসকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলীর বিরুদ্ধেও অনুসন্ধান চলমান রয়েছে। পার পাননি ডিপিডিসির বনশ্রী ডিভিশনের লাইনম্যান ও শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিনও।

এ বিষয়ে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আখতারুল ইসলাম বলেন, বিদ্যুৎ খাত নিয়ে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। উর্ধ্বতন কর্মকর্তা বলেন বা মাঠ পর্যায়ের কর্মকর্তা বলেন- যাদের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে, কমিশন তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে।

দুদক সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে যে অকল্পনীয় দুর্নীতি হয়েছে, তার সঙ্গে জড়িতদের তালিকা করা হয়েছে। এদের মধ্য থেকে অপরাধ বিবেচনায় শতাধিক কর্মকর্তা-কর্মচারিকে আইনের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে, বিভিন্ন প্রকল্প থেকে টাকা আত্মসাৎ করে শত কোটি টাকার মালিক হওয়া আরো ১৩ জন বিদ্যুৎ কর্মকর্তার সন্ধান পেয়েছে দুদক। এরা হলেন- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন ও আলমগীর কবির, সাবেক প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রকল্প পরিচালক শেখ মঈন উদ্দিন, পরিচালক মনিরুজ্জামান ও আ ন ম তারিক আব্দুল্লাহ; পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) সাবেক এমডি মাসুম আলবেরুনী, সাবেক সদস্য শামসুল আলম এবং সাবেক প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম।

এই কর্মকর্তাদের বিরুদ্ধে ১৩টি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। তাদের বিরুদ্ধে মূলত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন দুদক উপপরিচালক আখতারুল ইসলাম।

বিদ্যুৎখাতের দুর্নীতির চিত্র দ্রুত সময়ের মধ্যে উন্মোচনের আহবান জানিয়েছেন সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ। তিনি বলেন, নতুন সরকারের উচিত হবে দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া। বিদ্যুৎ খাতের অকল্পনীয় যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে যথাযথ ও কার্যকর ব্যবস্থা নেয়া হলে জনমনে আস্থা ফিরে আসবে। লুটপাটের বিচার শুরু হলে এ খাতে দুর্নীতি কমবে বলে মনে করেন তিনি। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ