ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে বাদ পড়ছেন প্রিন্স অ্যান্ড্রু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৭:৩৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৭:৩৮:২৬ অপরাহ্ন
​সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে বাদ পড়ছেন প্রিন্স অ্যান্ড্রু ছবি : সংগৃহীত
কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইন কেলেঙ্কারিতে রাজসিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই সাবেক প্রিন্স অ্যান্ড্রু। তার ব্যাপারে পুলিশি তদন্ত শেষ হলেই নতুন আইন আনার বিষয়ে বিবেচনা করছে ব্রিটিশ সরকার। আর আইন পাস হলে কখনোই রাজা হতে পারবেন না রাজা অ্যান্ড্রু।

সরকারি দায়িত্বে থাকাকালে অসদাচরণের অভিযোগে পুলিশ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে হেফাজতে নিয়েছিল। ১১ ঘণ্টা পর ছাড়া পান তিনি। তার বিরুদ্ধে তদন্ত এখনও চলমান। সাবেক এ প্রিন্স অবশ্য কোনো অন্যায় করেননি বলে জোরের সঙ্গে বারবারই বলে যাচ্ছেন।

বিবিসি রেডিও ফোরের ‘এনি কোয়েশ্চেনস’ অনুষ্ঠানে পোলার্ড জানান, তাদের সরকার বাকিংহাম প্রাসাদের সঙ্গে মিলে অ্যান্ড্রুকে ‘সিংহাসনের নিকটতম অবস্থান থেকে অনেক দূরে পাঠাতে’ কাজ করছে। পার্লামেন্টে এমন কোনো আইন উঠলে তা সব দলের সমর্থন পাবে বলেও মনে করছেন তিনি।

‘তবে এটা ঠিক যে, পুলিশি তদন্ত শেষ হওয়ার পরই এমন কিছু করা ঠিক হবে,’ বলেছেন পোলার্ড।

শুক্রবারও (২০ ফেব্রুয়ারি) উইন্ডসরের ৩০ কক্ষবিশিষ্ট রয়্যাল লজে লগোবিহীন পুলিশের গাড়ি ও ভ্যানকে যেতে আসতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। এ রয়্যাল লজেই অ্যান্ড্রু অনেক বছর ছিলেন। এক পর্যায়ে ওই বাসভবনের বাইরে ২০টির বেশি গাড়িকে পার্ক করা অবস্থায় দেখা গেছে। যদিও সবগুলো গাড়িই তদন্ত ও তল্লাশি কাজে সংশ্লিষ্ট ছিল কিনা তা জানা যায়নি।

অ্যান্ড্রুকে গ্রেপ্তার করেছিল টেমস ভ্যালি পুলিশ, তারা সোমবার পর্যন্তই রয়্যাল লজে তল্লাশি চালাবে বলে ধারণা পেয়েছে বিবিসি।

বিরোধী লিবারেল ডেমোক্র্যাট ও এসএনপিসহ বেশকিছু আইনপ্রণেতা অ্যান্ড্রুকে সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে তাদের সমর্থনের ইঙ্গিত দেওয়ার পর ব্রিটিশ সরকারের এ সংক্রান্ত প্রস্তাবের বিষয়টি জানা যায়।

তবে রাজতন্ত্রবিরোধী অনেক লেবার সাংসদ এ পদক্ষেপে সন্তুষ্ট নন। তাদের মতে, উত্তরাধিকারীর যে তালিকা, তাতে সাবেক ডিউক অব ইয়র্ক এমনিতেই সিংহাসনের ধারে কাছে ঘেঁষার সুযোগ পেতেন না। যে কারণে এ আইন আদতে কোনো প্রভাবই ফেলবে না। এর আগে অক্টোবরে ডাউনিং স্ট্রিট বলেছিল, সিংহাসনের উত্তরাধিকার তালিকায় পরিবর্তন আনতে কোনো আইনের পরিকল্পনা তাদের নেই।

আইনটি কার্যকর হতে হলে প্রথমে পার্লামেন্টের দুই কক্ষে অনুমোদিত হতে হবে, এরপর তাতে রাজার সম্মতি লাগবে। সমর্থন লাগবে অস্ট্রেলিয়া, কানাডা, জ্যামাইকা, নিউ জিল্যান্ডসহ কমনওয়েলভুক্ত সেই ১৪টি দেশেরও, যেখানে রাজা তৃতীয় চার্লস রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন।

সর্বশেষ পার্লামেন্টে আইন করে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে কাউকে ছেঁটে ফেলার ঘটনা দেখা গিয়েছিল ১৯৩৬ সালে। স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দেওয়ায় সেবার অষ্টম এডওয়ার্ড ও তার বংশধরদের সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়।

এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিবিসি নিউজনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারের পর ‍তুমুল সমালোচনার মুখে ২০১৯ সালেই অ্যান্ড্রু সরকারি সব দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ