ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০৮:৩৪:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০৮:৩৪:০৮ অপরাহ্ন
​বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন ​ফাইল ছবি
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ওঠা ‘দুর্নীতির’ অভিযোগগুলো নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১) এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর; মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর।

এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, “কমিটি অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করবে, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।”

তদন্ত শেষে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে ওই আদেশে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর পল্টনে বাসস কার্যালয়ে সংস্থার এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা ঘটে।

সে সময় সাংবাদিক-কর্মচারীদের একটি অংশ রাষ্ট্রায়ত্ত এ সংবাদ সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিতও’ ঘোষণা করে।

বিক্ষোভের মুখে মাহবুব মোর্শেদ অফিস ছেড়ে যান।

পরে এ বিষয়ে ফেইসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্ব পাওয়া মাহবুব মোর্শেদ ‘মব তৈরি করে’ তাকে ‘অপসারণের’ জন্য চাপ তৈরির অভিযোগ আনেন।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদকে ২০২৪ সালের ১৮ অগাস্ট দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার।

বাংলা স্কুপ/প্র্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ