ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​কারাগারে বন্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৩:৩৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৩:৩৮:৪৪ অপরাহ্ন
​কারাগারে বন্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু ফাইল ছবি
গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাশবাড়ী উপজেলা সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে অসুস্থ হয়ে পড়ার পর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

কারা সূত্র জানায়, রাত প্রায় ১টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন লিপন। তাৎক্ষণিকভাবে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়। লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী (শ্রীপুর) গ্রামের আব্দুর জব্বার সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকার পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও তিনি পরিচিত মুখ ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, শামিকুল ইসলাম সরকার লিপন অসুস্থ হওয়ার পরপরই চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর পথে তার মৃত্যু ঘটে। কারা কর্তৃপক্ষ জানায়, কারাবন্দি অবস্থায় লিপন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত মাসেও তাকে রংপুর মেডিক্যালে চিকিৎসা দেওয়া হয়েছিল।

মরদেহ বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রংপুর কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকায় একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হন শামিকুল ইসলাম লিপন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। আদালত থেকে জামিন লাভ করলেও জেলগেট থেকেই অন্য মামলায় পুনরায় গ্রেফতার করা হয় তাকে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ