ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সংসদ নির্বাচন ও গণভোট

সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০২-২০২৬ ১০:১৫:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০২-২০২৬ ১০:১৫:০৩ পূর্বাহ্ন
সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রের সামনে ভোটারদের ভিড় জমতে থাকে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় দীর্ঘ সারিতে পরিণত হয়। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ— সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। 

রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়েছে। পরিবার কিংবা প্রতিবেশীদের সঙ্গে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় থাকেন তারা। অনেকেই দীর্ঘ সময় পর ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

নির্ধারিত সময় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। তার আগেই নির্বাচন কর্মকর্তারা কেন্দ্রে পৌঁছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ভোটার তালিকা ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করেন। পোলিং কর্মকর্তাদের ব্যস্ততা এবং নিরাপত্তাকর্মীদের সতর্ক উপস্থিতিতে কেন্দ্রগুলোতে নিয়ন্ত্রিত কিন্তু প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে।

প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। কোথাও পুলিশ, কোথাও র‍্যাব, আবার কোথাও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটারদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তারা সক্রিয় রয়েছেন।

সারাদেশে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে। এ নির্বাচনে ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন ও স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোটগ্রহণে প্রায় ৭ লাখ ৮৫ হাজার কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে অবস্থান করছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ