বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০২-২০২৬ ০৩:১৪:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০২-২০২৬ ০৩:১৪:৩৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতাদের অভিযোগ, আটোয়ারী ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনি একটি ব্যানার ছিঁড়ে ফেলে জামায়াতের কর্মীরা। বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
তারা জানায়, এ ঘটনায় ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১১-দলীয় জোটের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলা থেকে জনসভা শেষ করে শোডাউন করে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা তাদের গতিরোধ করে হামলা করে। এতে একজন নারীসহ আটজন আহত হন। আহতের মধ্যে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর সার্কেল পুলিশ সুপার, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীরা ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি বলে জানিয়েছেন আটোয়ারী থানার ওসি মতিয়ার রহমান।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স