জাপানে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-০২-২০২৬ ০১:৫৩:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০২-২০২৬ ০১:৫৩:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ২০২৩ সালে মুক্তির পর বলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। রণবীর কাপুরকে কেন্দ্র করে নির্মিত এই অ্যাকশন ড্রামা সিনেমাটি পারিবারিক সম্পর্ক, ক্ষমতা, আবেগ এবং সহিংসতার জটিল মনস্তত্ত্বকে গভীরভাবে তুলে ধরে। মুক্তির পর বক্স অফিসে অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি বিষয়বস্তু ও উপস্থাপন নিয়ে তীব্র বিতর্কও তৈরি হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সিনেমাটির গ্রহণযোগ্যতা আরও বেড়েছে।
এই ধারাবাহিকতায় এবার জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমাটি। আগামী ১৩ ফেব্রুয়ারি জাপানে ‘অ্যানিমেল’-এর আনুষ্ঠানিক মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। তার আগে ৪ ফেব্রুয়ারি নির্বাচিত দর্শকদের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী শেষে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে জাপানের দর্শকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন সিনেমার প্রধান অভিনেতা রণবীর কাপুর। কথোপকথনের সময় তিনি জাপানের সঙ্গে নিজের পারিবারিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন। রণবীর স্মরণ করেন তার দাদা, কিংবদন্তি অভিনেতা ও পরিচালক রাজ কাপুরকে। তার মতে, রাজ কাপুরের জনপ্রিয় গান ‘মেরা জুতা হ্যায় জাপানি’ আজও ভারত ও জাপানের সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হয়ে আছে।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন রণবীর। তিনি জানান, ২০১৫ সালে ইমতিয়াজ আলির ‘তামাশা’ সিনেমার শুটিংয়ের জন্য টোকিওতে কাটানো সময় ছিল তার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা। জাপানের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের আতিথেয়তা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। বর্তমানে তার তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে এবং ভবিষ্যতে মেয়েকে নিয়ে জাপান ভ্রমণের ইচ্ছার কথাও জানান তিনি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স