সিজিএসের গবেষণা: ৫০ শতাংশ মানুষ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০২-২০২৬ ০২:৫৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০২-২০২৬ ০২:৫৮:১৭ অপরাহ্ন
ছবি : প্রতীকী
ভোটাধিকার সম্পর্কে সচেতনতা থাকলেও দেশের ৫০ শতাংশের বেশি মানুষ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন—এমন চিত্র উঠে এসেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর এক গবেষণায়। গবেষণায় দেখা যায়, ৫০ দশমিক ৭ শতাংশ মানুষ নির্বাচনকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ২৫ দশমিক ৮ শতাংশ নিজেদের চরম অনিরাপদ মনে করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক গবেষণা ফল প্রকাশ করা হয়। গবেষণার তথ্য অনুযায়ী, দেশের ৮৮ দশমিক ৭ শতাংশ মানুষ ভোটাধিকার সম্পর্কে সচেতন হলেও প্রায় ৫০ দশমিক ৭ শতাংশ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন এবং ২৫ দশমিক ৮ শতাংশ নিজেকে চরম অনিরাপদ মনে করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবিধানে সমতা ও বৈষম্যহীনতার অঙ্গীকার থাকলেও বাস্তবে বহু জনগোষ্ঠীর জন্য নির্বাচনে অংশগ্রহণ এখনো ভয়, বর্জন এবং সীমিত রাজনৈতিক সুযোগের মধ্য দিয়ে পরিচালিত হয়। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু, পার্বত্য চট্টগ্রাম ও সমতলের আদিবাসী, নারী এবং তৃতীয় লিঙ্গের মানুষের নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও বিচারপ্রাপ্তির সুযোগ সীমিত।বক্তারা সংখ্যালঘুবান্ধব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যোগ্য সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়ন দেওয়া, ঘৃণামূলক বক্তব্য পরিহার ছাড়া বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয় বলেও তারা মত দেন।
সিজিএসের চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও নির্বাচনের সময় তারা গভীর নিরাপত্তাহীনতা, কাঠামোগত বর্জন এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের সংকটে ভোগেন। তার ভাষায়, রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের প্রায়ই ‘ভোটব্যাংক’ হিসেবে ব্যবহার করলেও নীতিনির্ধারণী পর্যায় বা মনোনয়নের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ অত্যন্ত নগণ্য। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়ের সংস্কৃতি দূর করা সরকারের দায়িত্ব। অন্যদিকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতার সঙ্গে ‘মধু’ যুক্ত থাকায় দুবৃত্তায়িত রাজনৈতিক আঙ্গনে যারাই ক্ষমতায় আসে, তাদের সম্পদ আকাশচুম্বী হয়ে যায়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স