রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০২-২০২৬ ০২:০৪:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০২-২০২৬ ০৩:১৮:৫০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার বর্তমান বাসভবন ‘যমুনা’র নিরাপত্তা জোরদার করতে কাকরাইল মসজিদ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় এই সদস্যদের মোতায়েন করা হয়েছে। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করায় এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।
বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনরত সরকারি কর্মচারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন। শত শত বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে একপর্যায়ে আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দেখা যায়। এতে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বিঘ্নিত হয়। যমুনার মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই বিজিবি মোতায়েন করে সরকার।
আন্দোলনরত সরকারি কর্মচারীরা জানিয়েছেন, তারা দীর্ঘ দিন ধরে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পুরোনো বেতন কাঠামো দিয়ে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে।
তারা আল্টিমেটাম দিয়ে বলেছেন, আজকের মধ্যেই যদি নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ করা না হয়, তবে তারা আন্দোলন থেকে একচুলও সরবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বর্তমানে শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও মিন্টো রোড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন থাকায় এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের শান্ত থাকার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। তবে আন্দোলনকারীরা তাদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। সরকারি গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স