ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রায়গঞ্জে অটোভ্যান–ট্রাকের সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, আহত ৪

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১২:২১:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১২:২১:৪৫ অপরাহ্ন
​রায়গঞ্জে অটোভ্যান–ট্রাকের সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, আহত ৪ ​ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও ট্রাকের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

উপজেলার ভূঁইয়াগাঁতী-নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন এবং তার স্ত্রী মনোয়ারা বেগম।

আহতরা হলেন- অটোভ্যান চালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফ এবং আরও একজন অজ্ঞাতনামা যাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী–স্ত্রী নিহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “খৈচালা এলাকায় অটোভ্যান ও একটি ট্রাকের সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। এলাকাবাসী ওই সড়কে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার স্থাপন ও কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ