ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​সোনার দাম কমল ভরিতে ৭৬৪০ টাকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১১:৫৪:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১২:৩৮:৪১ অপরাহ্ন
​সোনার দাম কমল ভরিতে ৭৬৪০ টাকা ​ছবি: সংগৃহীত
মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে বড় ধরনের দরপতন ঘটল সোনার। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ মূল্যহার ঘোষণা করে সংস্থাটি। নতুন দাম অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা (প্রতি ভরি)
বাজুসের ঘোষণা অনুযায়ী সোনার নতুন দাম হলো—

২২ ক্যারেট : ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
২১ ক্যারেট : ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা।
১৮ ক্যারেট : ২ লাখ ৮ হাজার ২০২ টাকা।
সনাতন পদ্ধতি : ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনার এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। তবে গয়নার নকশা অনুযায়ী মজুরিতে তারতম্য হতে পারে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি সোনার দামে বড় উল্লম্ফন দেখা গিয়েছিল। সে সময় ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা করা হয়েছিল। কিন্তু সেই বর্ধিত দাম বেশিদিন টিকল না।

চলতি বছরে দেশের বাজারে সোনার দাম নিয়ে অস্থিরতা চলছেই। এ নিয়ে ২০২৬ সালে এখন পর্যন্ত ২৫ বার সোনার দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৯ বার।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ