ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৭:৪০:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৭:৪০:১২ অপরাহ্ন
সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা ​ফাইল ছবি
বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো নিরাপত্তা–উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি। আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনো বার্তা দেওয়া হচ্ছে কী না, সেটা স্পষ্ট নয়। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তবে সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারেন। কেন বলেছেন, আমি তার কারণ খুঁজে পাই না।’

বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে কর্মকর্তা বা তাদের পরিবার–পরিজন বিপদে আছেন বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ রকম কিছু ঘটেনি। আশঙ্কা হয়তো তাদের মনে আছে কিংবা তারা কোনো মেসেজ (বার্তা) দিতে চান কি না। তবে আমি আসলে এটার মধ্যে কোনো কারণ খুঁজে পাই না। তারা যদি তাদের পরিবারকে ফেরত নিতে চান, আমাদের তো কিছু করার নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিকভাবে নিরাপত্তার এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় সংঘর্ষ বেশি হচ্ছে, আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হয় না যে এমন কোনো নিরাপত্তা–পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সে জন্য এ পদক্ষেপ নিতে হবে।’

নিরাপত্তা নিয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস আগাম উদ্বেগ জানিয়েছিল কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা কোনো নিরাপত্তা–উদ্বেগের কথা জানায়নি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ