ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৪:৫৯:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৭:২৯:৩৫ অপরাহ্ন
​মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব ​ছবি: সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের মধ্যে মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মী নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ড. আসিফ নজরুল মালদ্বীপে অবস্থানরত সব অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীকে নিয়মিতকরণের জন্য অনুরোধ জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ অন্যান্য যোগ্য পেশাদার কর্মীর নিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন তিনি।

এ সময় মালদ্বীপ সরকার বিদেশে উচ্চশিক্ষার জন্য যে শিক্ষা ঋণ সুবিধা দিয়ে থাকে, তার প্রশংসা করেন উপদেষ্টা। পাশাপাশি চিকিৎসা, প্রকৌশল, কৃষি ও অন্যান্য বিশেষায়িত বিষয়ে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপ ভ্রমণে আগ্রহী করে তুলতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান ড. আসিফ নজরুল।

বৈঠকে মালদ্বীপের মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে মালদ্বীপে শিক্ষা মেলা আয়োজনের প্রস্তাবও দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ নাজির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী। সূত্র: বাসস

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ