ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুখে দিলেই মিলিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বিখ্যাত চুনিলালের রসগোল্লা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০১:০৮:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০১:০৮:২৫ অপরাহ্ন
মুখে দিলেই মিলিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বিখ্যাত চুনিলালের রসগোল্লা ফোকাস বাংলা নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে মিষ্টির দোকানে গত চার দশকের বেশি সময় ধরে কেবল একটিই মিষ্টি তৈরি হচ্ছে। স্বাদে-গুণে অন্যন্য এই মিষ্টি—'চুনিলালের রসগোল্লা' নামে খ্যাতি পেয়েছে। এর টানেই ভোজনরসিকেরা ছুটে আসেন সরাইল থেকে ১৩ কিলোমিটার দূরে গ্রামের এই বাজারে।

এই রসগোল্লার স্রষ্টা ৭০ বছর বয়সী সুনীল মাল্লিক, যিনি এলাকায় 'চুনিলাল' নামে বেশি পরিচিত। তার রসগোল্লা সাধারণ মিষ্টির চেয়ে আলাদা। খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি প্রতিটি রসগোল্লার ওজন প্রায় ১৫০ গ্রাম। তুলতুলে নরম এই মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যায়। মিষ্টতার মাত্রা একেবারে পরিমিত, তাই এর স্বাদ অনন্য। আকার, গুণমান ও স্বাদের এই নিখুঁত সমন্বয় চুনিলালের রসগোল্লাকে করেছে আলাদা।

চার দশকের বেশি সময় ধরে শুধু এই একটি মিষ্টিই তৈরি করছেন সুনীল মল্লিক। প্রতিদিন ছেলে গোপাল মল্লিককে সঙ্গে নিয়ে ক্রেতাদের সামনেই গরম রসগোল্লা তৈরি করেন তিনি। ক্রেতারা শুধু কিনতেই নয়, তৈরি করার দৃশ্য দেখতেও ভীড় জমান। চাহিদা বাড়লেও অন্য কোনো মিষ্টি তৈরির কথা ভাবেননি। বরং একটি পদকেই নিখুঁত করতে দিয়েছেন পুরো মনোযোগ। বাবার দেখানো পথেই হাঁটছেন ছেলে গোপাল। আগলে রেখেছেন পারিবারিক ঐতিহ্য।

বর্তমানে চুনিলালের প্রতিটি রসগোল্লা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এক কজির দাম ৪০০ টাকা। বাজারের অন্যান্য রসগোল্লার তুলনায় দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা মনে করেন এর আকার, স্বাদ ও মান অনুযায়ী দাম ন্যায়সঙ্গত।

বাংলাস্কুপ/লোকমান হোসেন / ব্রাহ্মণবাড়িয়া /এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ