ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিশ্বকাপসহ নানা বিষয়ে মুখ খুললেন আমিনুল হক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০১-২০২৬ ১১:১২:১০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-০১-২০২৬ ১১:১২:১০ পূর্বাহ্ন
​বিশ্বকাপসহ নানা বিষয়ে মুখ খুললেন আমিনুল হক ফাইল ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ঘটনাকে কেন্দ্র করে বিসিবির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল হক বলেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনাটি সঠিকভাবে সামলাতে ব্যর্থ হয়েছে বিসিবি। তার মতে, এই ইস্যুতে বোর্ড আরও দায়িত্বশীল ও কূটনৈতিক ভূমিকা পালন করলে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার পরিস্থিতি সৃষ্টি হতো না। আমিনুল বলেন, মুস্তাফিজ ইস্যু নিয়ে আমি বারবার কথা বলেছি। যে ধর্মকে ব্যবহার করে মুস্তাফিজের মতো একজন বোলারকে কলকাতা থেকে রিলিজ করে দেওয়া হয়েছে, সেটি যদি বোর্ড ও আইপিএলের সংশ্লিষ্টদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, তাহলে আজকের এই বিশ্বকাপ পরিস্থিতি তৈরি হতো না। বিসিবির ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, এই ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তাদের হঠকারী সিদ্ধান্তের কারণে দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে কারও কোনো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য থাকলে তা তদন্ত করে বের করা হবে এবং জনগণ তার ব্যবস্থা নেবে, ইনশাআল্লাহ।

বোর্ড পরিচালকদের বেফাঁস মন্তব্য ও ক্রিকেটারদের খেলা বয়কট প্রসঙ্গে আমিনুল হক বলেন, ক্রিকেটাররা খেলা ছেড়ে বোর্ড পরিচালকের পদত্যাগ দাবি করবে এটা যেমন শোভনীয় নয়, তেমনি বোর্ড পরিচালকের বক্তব্যও দায়িত্বজ্ঞানহীন। খেলোয়াড় ও সংগঠকদের আরও পেশাদার আচরণ করা উচিত। ব্যক্তিগত ইস্যু দিয়ে খেলাধুলাকে ক্ষতিগ্রস্ত করা ঠিক নয়। বিশ্বকাপ প্রসঙ্গে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে আমার খেলোয়াড়দের নিরাপত্তা। নিরাপত্তা নিশ্চিত না হলে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘ মেয়াদে এটি আমাদের দায়িত্ববোধ ও সম্মানকে তুলে ধরবে। তিনি আরও যোগ করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিবি ও আইসিসির মধ্যে সমন্বয় ও যোগাযোগের ঘাটতির কারণেই বিষয়টি আরও জটিল হয়েছে। সঠিক আলোচনার মাধ্যমে এটি সুন্দরভাবে সমাধান করা যেত বলে মন্তব্য করেন তিনি। সবশেষে আমিনুল হক বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্বকাপে খেলছে এবং বিশ্ব ক্রিকেটে আমাদের মর্যাদাশীল অবস্থান রয়েছে। বিশ্বকাপে না খেলতে পারা দেশবাসীর প্রত্যাশার পরিপন্থী। সবার আগে দেশের কথা চিন্তা করে, ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করে সমাধান খোঁজা উচিত ছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ