ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​গরমের আগে সবজিতে আগুন: বাড়ছে ছোলা-চিনি-মুরগির দাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০১-২০২৬ ১২:৪৯:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৩:১১:০৭ অপরাহ্ন
​গরমের আগে সবজিতে আগুন: বাড়ছে ছোলা-চিনি-মুরগির দাম সংবাদচিত্র: সংগৃহীত
শীত মৌসুমের আমেজ শেষ না হতেই  গরম শুরুর আগেই রাজধানীর বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। গত দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। শীতের ভরা মৌসুমে সবজির দাম কিছুটা নাগালে থাকলেও মৌসুম শেষের দিকে আসায় দর এখন ঊর্ধ্বমুখী। এদিকে রমজান শুরু হতে এখনও প্রায় এক মাস বাকি, অথচ এরই মধ্যে রাজধানীর বাজারে কয়েকটি নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। রোজায় সবচেয়ে বেশি ব্যবহৃত ভোগ্যপণ্য ছোলা, ছোলার ডাল, চিনির দাম বাড়তে শুরু হয়েছে। মাছ, ডিম ও মাংসের মতো প্রোটিনজাত পণ্যের দামও ঊর্ধ্বমুখী। আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বাজারগুলোতে দেখা যায়, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া শালগম প্রতি কেজি ৬০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ থেকে ২০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা এবং গাজর প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। জাতভেদে শিম প্রতি কেজি ৪০ থেকে ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা এবং ছোট আকারের ব্রকলি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আলাউদ্দিন আহমেদ বলেন, ‘গেল কিছুদিন যাবৎ তুলনামূলক কম দামে সবজি কিনলাম, তবে আজ দেখছি সবজির দাম বাড়তে শুরু করেছে। প্রতিটা সবজির দামই আজ দেখছি ১০ থেকে ২০ টাকা বাড়তি। পিক মৌসুম শুরুর আগে অস্বাভাবিক বেশি দাম ছিল সব ধরনের সবজির, সে তুলনায় বলতে গেলে পুরো শীত মৌসুমেই সবজির দাম তুলনামূলক কম ছিল। এখন শীত চলে যাচ্ছে, এই সময়ে এসে আজ দেখছি সবজির দাম আবার বাড়তে শুরু করছে।’ এ সময় তিনি বাজার মনিটরিং জোরদার করার দাবি জানান। মালিবাগ বাজারের আরেক ক্রেতা সাইদুর রহমানও সবজির বাড়তি দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘কয়েকদিন আগেই ফুলকপি কিনলাম ২০-৩০ টাকা পিস, আজ সেই ফুলকপির দাম চাচ্ছে ৫০ টাকা। দরদাম করে শেষ পর্যন্ত ৪০ টাকায় কিনলাম। এভাবে প্রতিটি সবজির দামই আজ দেখছি ১০ থেকে ২০ টাকা করে বেশি।’

সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে রামপুরা বাজারের বিক্রেতা জুয়েল রানা বলেন, ‘আসলে শীত মৌসুমে সবজির দাম তুলনামূলক অনেক কম থাকে। কারণ এই সময় সবজির পুরো মৌসুম। এখন শীত চলে যাচ্ছে, সে কারণে বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কমতে শুরু করেছে। আগে যে সবজি পাইকারি বাজারে কম দামে কিনেছি, সেই সবজি এখন ১০ থেকে ২০ টাকা বেশিতে কিনতে হচ্ছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।’

রোজার আগে বাড়তি দামে ছোলা-চিনি-মুরগি:  

রমজান শুরু হতে এখনও প্রায় এক মাস বাকি, অথচ এরই মধ্যে রাজধানীর বাজারে কয়েকটি নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। রোজায় সবচেয়ে বেশি ব্যবহৃত ভোগ্যপণ্য ছোলা, ছোলার ডাল, চিনির দাম বাড়তে শুরু হয়েছে। মাছ, ডিম ও মাংসের মতো প্রোটিনজাত পণ্যের দামও ঊর্ধ্বমুখী। তবে শীতকালীন সবজি ও পেঁয়াজে এখনও কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে পাইকারি ও খুচরা দোকান ঘুরে দেখা গেছে, গত এক মাসে খুচরায় ছোলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়, যা এক মাস আগেও ছিল ৮৫ থেকে ৯০ টাকা। ছোলার ডালের দাম বেড়ে প্রতি কেজি ১০৫ থেকে ১১০ টাকা হয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, গত দুই সপ্তাহের ব্যবধানে চিনির বাজারও কিছুটা ঊর্ধ্বমুখী। কিছুদিন আগে খুচরা বাজারে প্রতি কেজি চিনি ৯০ টাকায় নেমে এলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়। গত সপ্তাহে খোলা সয়াবিন তেলের সরবরাহে সাময়িক ঘাটতি থাকলেও এখন তা স্বাভাবিক হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। দীর্ঘ কয়েক মাস স্থিতিশীল থাকার পর গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগি মানভেদে প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ডিমের দামও কিছুটা বেড়েছে। প্রতি ডজন মুরগির ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এত দিন ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ