ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মেট্রোরেল বন্ধ করে ডিজিটাল বাস চালুর বিষয়ে প্রচারিত তারেক রহমানের বক্তব্যটি ভুয়া

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০১-২০২৬ ১২:৩২:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০১-২০২৬ ১২:৩২:২৯ অপরাহ্ন
​মেট্রোরেল বন্ধ করে ডিজিটাল বাস চালুর বিষয়ে প্রচারিত তারেক রহমানের বক্তব্যটি ভুয়া ফাইল ছবি
“মেট্রোরেলের খরচ খুব বেশি, ক্ষমতায় আসলে জনগনের সুবিধার্থে মেট্রোরেল বন্ধ করে দিয়ে ডিজিটাল লোকাল বাস চালু করবো আমরা” –এমন মন্তব্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান করেছেন দাবি করে ফটোকার্ড প্রচার করেছে ‘Daily DUCSU’ নামক একটি ফেসবুক পেজ। নির্বাচনকে সামনে রেখে একটি সংঘবদ্ধ চক্র ভূয়া ও মিথ্যা তথ্য ব্যাপক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। 

বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, তারেক রহমান ক্ষমতায় গেলে মেট্রোরেল বন্ধ করে দেবেন—এমন কোনো মন্তব্য করেননি। বরং তিনি দেশের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ও আধুনিকায়নের পরিকল্পনার কথা বলেছেন। ঢাকার যানজট নিরসনে বিদ্যমান মেট্রোরেল নেটওয়ার্কের পাশাপাশি মনোরেল (Monorail) চালুর সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি।

তারেক রহমান ২০ জানুয়ারি রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বনানী সোসাইটি আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় ঢাকার যানজট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, “আপনারা যারা ইউরোপে গিয়েছেন, ইউকে কিংবা ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন, তারা দেখেছেন—পাবলিক ট্রান্সপোর্ট উন্নত করার মাধ্যমেই সেখানে সমস্যার সমাধান করা হয়েছে। ব্রিটেনে এমপি-মন্ত্রীদেরও বাস, ট্রেন বা টিউব ব্যবহার করতে দেখা যায়। ওরা যদি পারে, আমরাও পারব।”

তিনি আরও বলেন, “প্রশ্ন হলো—কীভাবে পাবলিক ট্রান্সপোর্টকে উন্নত করা যায়। সেটি মনোরেল হতে পারে। মেট্রোরেলের তুলনায় মনোরেলের খরচ কম। বিশেষজ্ঞদের মতে, মনোরেল স্থাপন করা সহজ এবং প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরও করা যায়। খরচ কম হলে ভাড়াও কম হবে, যা সাধারণ মানুষের চলাচলকে আরও সহজ করবে।” তিনি বনানীর ১১ নম্বর রোড হয়ে মনোরেল চালুর সম্ভাবনার কথাও উল্লেখ বলেন, “যেখানে মেট্রোরেল ইতোমধ্যে নির্মিত হয়েছে, সেটিকে তো আমরা ভেঙে ফেলতে পারব না; কারণ এখানে অলরেডি জনগণের অর্থ খরচ হয়ে গিয়েছে।তাই পরিকল্পনা হচ্ছে—মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত করা। অর্থাৎ, মেট্রোরেল যেখান থেকে শেষ হবে, সেখান থেকে মনোরেল বিভিন্ন এলাকায় সম্প্রসারিত হতে পারবে। সে অনুযায়ী, মোহাম্মদপুরের ভেতর দিয়ে মনোরেল নিয়ে এসে মেট্রোরেলের বিদ্যমান কানেক্টিভিটির সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। এতে যাত্রীদের চলাচল আরও সহজ ও কার্যকর হবে।”

তিনি আরও বলেন, কেবল শহর সম্প্রসারণ করলেই ট্রাফিক সমস্যার সমাধান হবে না; বরং শহর যত বাড়বে, যানবাহনের চাপও তত বাড়বে। এই পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যকর সমাধান হলো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থার উন্নয়ন। মানুষ যদি স্বাচ্ছন্দ্য ও আস্থার সঙ্গে গণপরিবহন ব্যবহার করতে পারে, তাহলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে এবং যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিশ্বের বিভিন্ন দেশে এর সফল উদাহরণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অর্থাৎ, তারেক রহমান মেট্রোরেলের পাশাপাশি মনোরেল ব্যবস্থা চালু করার কথা বলেছেন। মেট্রোরেল বন্ধ করে দেওয়া হবে – এমন কোনো মন্তব্য তিনি করেননি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ