গণভোট ও নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন: তথ্য উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০১-২০২৬ ০৭:৩০:২২ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০১-২০২৬ ০৯:১৫:৪৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলো ভোটের জন্য প্রস্তুত, ভোটাররাও প্রস্তুত। তবে যখন কিছু মানুষ সন্দেহ প্রকাশ করে “নির্বাচন কি হবে?”— তখন বুঝতে হবে, এরা গত ১৬ বছরের পুরনো সংশয় এবং ভয়।
বুধবার (২১ জানুয়ারি) ফরিদপুরের অম্বিকা অডিটোরিয়াম প্রাঙ্গণে ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আয়োজিত জনসভায় বক্তৃতাকালে উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটারদের মধ্যে ভোট দেওয়ার ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। এটি মূলত সরকার এবং রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকার কারণে সম্ভব হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রশংসা করেন এবং বলেন, তারা ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, ‘আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ভবিষ্যতের বাংলাদেশকে বিগত ৫৪ বছরের দেশের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। সেই সংযোগ করার জন্য পুরনো জঞ্জাল পরিষ্কার করা প্রয়োজন। আমাদের ঐক্য, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। এ কারণেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া গুরুত্বপূর্ণ।’
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দুইটি ভোট দিতে হবে। একটিতে নির্বাচিত হবে আপনার এলাকার সংসদ সদস্য। ভোট শুধু অধিকার নয়, দায়িত্বও। এবারের গণভোট মানে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পদ্ধতি বদলের সুযোগ। শুধু ব্যক্তিকে পরিবর্তন করলে দেশ বদলায় না, পদ্ধতিকে পরিবর্তন করতে হবে, যাতে যে কেউ ক্ষমতায় আসুক, সে যেন অতিরিক্ত ক্ষমতা নিয়ে সমাজকে ক্ষতিগ্রস্ত করতে না পারে।
কিছু পরিবর্তন সংবিধানে আনার প্রয়োজনীয়তাও উল্লেখ করে উপদেষ্টা বলেন, সংবিধানের ‘জনগণই সকল ক্ষমতার উৎস’— কথাটিকে কার্যকর করতে এখনই সময়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা সম্ভব। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। এবার গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হচ্ছে। দেশের ভবিষ্যৎ এখন জনগণের হাতে।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জানান, গণভোট সংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি জেলা ও উপজেলায় প্রচারণা চালানো হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “গতকাল ৪৯৫টি উপজেলায় এবং ৪,৫০০টি ইউনিয়নে ভোট সংক্রান্ত রিকশা চালু করা হয়েছে। এগুলো সরাসরি জনগণের কাছে ভোটের গুরুত্ব বোঝাবে এবং জনগণকে হ্যাঁ বলার জন্য উৎসাহিত করবে।”
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া এবং বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি ও অন্যান্য দলগুলোর জেলা প্রতিনিধিরা।
উপদেষ্টা সেই সঙ্গে গণভোট ও নির্বাচনের জন্য আয়োজিত একটি র্যালিতেও অংশগ্রহণ করেন। র্যালি শেষে ভোটের গাড়ির স্ক্রিনে প্রধান উপদেষ্টার গণভোট বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স