ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডিপিডিসি

আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রকৌশলী নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০১-২০২৬ ০২:৫০:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৬ ০২:৫০:২৪ অপরাহ্ন
আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রকৌশলী নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি) আউটসোর্সিংয়ের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের সিদ্ধান্ত ঘিরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই সিদ্ধান্ত বাতিল করে নতুন সেট-আপ অনুমোদন করে স্থায়ী পদে উপ-সহকারী প্রকৌশলী নিয়োগের দাবি জানিয়েছে ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।

বুধবার (২১ জানুয়ারি) ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে সমিতির সভাপতি এ কে এম বদরুল আলম ও সাধারণ সম্পাদক এস এম কালাম হোসেন সাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানানো হয়।

ডিপিডিসির ২০১৩ সালের অনুমোদিত সেট আপের তুলনায় বর্তমানে গ্রীডের ব্যপ্তি বৃদ্ধি পাওয়ায় আপাতঃ ব্যবস্থা হিসেবে আউটসোর্সিংয়ের ৪০ জন ডিপ্লোমা প্রকৌশলীকে ঠিকাদারের মাধ্যমে সংগ্রহের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। ২০২৪ সালের ২৪ মে ডিপিডিসির পরিচালনা পর্ষদের ৩৬০তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভার আলোচ্যসূচিতে বলা হয়, "ডিপিডিসি'র ২০১৩ সনের সেট-আপ পুনর্গঠনের পূর্ব পর্যন্ত উপ-সহকারী প্রকৌশলীর ঘাটতি ব্যবস্থাপনার লক্ষ্যে এনওসিএস ও অন্যান্য দপ্তরের জন্য আপাতঃ ব্যবস্থা হিসেবে আউটসোর্সিং-এর মাধ্যমে যথাযথ যোগ্যতা সম্পন্ন ৪০ (চল্লিশ) জুন ডিপ্লোমা ডিগ্রীধারী প্রকৌশলী ঠিকাদারের মাধ্যমে সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়।" 

আউটসোর্সিং নীতিমালার আলোকে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। ডিপিডিসির এমডি বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, আউটসোর্সিং নীতিমালা ২০২৫ এর ৫(ক) (৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তা, গোপনীয়তা ও সরকারি স্বার্থ বিঘ্ন হওয়ার আংশকা থাকে বা বিশেষায়িত সেবা বিঘ্ন ঘটে এমন ক্ষেত্রে আউটসোর্সিং করা যাবে না। এছাড়াও আউটসোর্সিং নীতিমালা' ২০২৫ এর ৫(গ) অনুচ্ছেদ অনুযায়ী গ্রেড-১৬ হতে গ্রেড-২০ পর্যন্ত পদসমূহে আউটসোর্সিং করা যাবে অর্থাৎ অফিসার/ ম্যানেজারিযাল পদে আউটসোর্সের মাধ্যমে নিয়োগ প্রদান করা যাবে না। 

তাছাড়া আউটসোর্সিং জনবলের সংস্থার প্রতি কোনো ধরনের দায়বদ্ধতা থাকবে না বিধায় এ ধরনের জনবল নিয়োগ ডিপিডিসি'র লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে সহায়ক হবে না বলে মনে করে ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। তাই ডিপিডিসির জন্য নতুন সেট-আপ অনুমোদন করে দ্রুত সেই অনুযায়ী অফিসার নিয়োগ প্রদান করে অফিসার সংকট দূর করা অত্যন্ত জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়। 

চিঠিতে আরো বলা হয়, ডিপিডিসির গ্রীডের ব্যপ্তির প্রেক্ষিতে জনবলের চাহিদা পূরণের লক্ষ্যে ইতোমধ্যে ২৭.৮৭,০০০০,৪০৪,২৮.০০১.২০.১৪৭৪; তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২৩ স্মারকপত্রের মাধ্যমে ডিপিডিসি'র বিদ্যমান অর্গানোগ্রাম-২০১৩ পর্যালোচনা করতঃ কস্ট-বেনিফিট এনালাইসিস দ্বারা বাস্তবসম্মত সাংগঠনিক কাঠামো প্রস্তাবের জন্য কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে উক্ত কমিটি এ বিষয়ে সুপারিশ প্রণয়ন করেছে। 

এমতাবস্থায়, সংস্থার বৃহত্তর স্বার্থে আউটসোর্সিংয়ের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের সিদ্ধান্ত বাতিল পূর্বক উপরোল্লিখিত অর্গানোগ্রাম কমিটির সুপারিশের আলোকে নতুন সেট-আপ অনুমোদন পূর্বক স্থায়ী পদে উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর অনুরোধ জানিয়েছে ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।

এদিকে, ডিপিডিসির একাধিক উপ-সহকারী প্রকৌশলী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিটি ডিভিশনে কমপক্ষে পাঁচ থেকে ছয়জন উপসহকারী প্রকৌশলী থাকার কথা, কিন্তু সেটআপ অনুযায়ী রয়েছে মাত্র চার ভাগের একভাগ। জোড়াতালি দিয়ে আমরা কাজ চালিয়ে নিচ্ছি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছি। মাঠ পর্যায় থেকে আমরাই রাজস্ব আদায় করছি। এই বাস্তবতায় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমরা হতবাক।

তাঁরা আরো বলেন, গত ১৩/১৪ বছর ধরে যেসব ডিভিশনে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিল আদায় ও বাৎসরিক রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, সে সব জায়গায় প্রতিদিনই রয়েছে গ্রাহক হয়রানি ও দুর্নীতির অভিযোগ। এসব অভিযোগের সত্যতা পেলেই ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিদ্যুৎকর্মীদের করা হচ্ছে চাকরিচ্যুত। এ রকম অবস্থায় স্থায়ী পদে প্রকৌশলী নিয়োগ না করে আবারো আউটসোর্সিংয়ের মাধ্যমে উপসহকারী প্রকৌশলী নিয়োগ দিলে সংকট আরো বাড়বে। ভেঙ্গে পড়বে গ্রাহকসেবা ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা।

এদিকে, ডিপিডিসির এইচআর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আউটসোর্সিংয়ের মাধ্যমে ৪০জন উপসহকারী প্রকৌশলী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করা যায়, দু-এক মাসের মধ্যেই নিয়োগ চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে বক্তব্য নিতে ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক এস এম কালাম হোসেনকে মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

বাংলা স্কুপ/প্রতিবেদ/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ